অটোরিকশা থেকে পুলিশের নম্বর উধাও

ঢাকা মেট্রো-থ ১২-৮১৭৮। রাজধানীতে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন নম্বর। এই অটোরিকশাটির গায়ে সাদা রঙে লেখা ছিল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের তিনটি নম্বর। কিন্তু তা ঘষে তুলে ফেলা। নাম প্রকাশে অনিচ্ছুক চালক বললেন, মিটারে না চললে কেউ যাতে অভিযোগ জানাতে না পারে, তাই নম্বরটি তুলে ফেলা হয়েছে।
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাগুলোর নতুন ভাড়া কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে। সড়ক পরিবহন বিভাগ থেকে বলা হয়েছিল, চালকেরা যাত্রীর পছন্দমতো গন্তব্যে যেতে রাজি না হলে এবং মিটারে না চললে অটোরিকশার গায়ে থাকা নম্বরে ফোন করলে পুলিশ ব্যবস্থা নেবে।
গতকাল শনিবার রাজধানীতে চলাচলকারী অন্তত দেড় শ সিএনজিচালিত অটোরিকশা পর্যবেক্ষণ করে দেখা যায়, শ-খানেক অটোরিকশার গায়ে লেখা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হয় মুছে ফেলা হয়েছে, নয়তো কায়দা করে তারও পর বিভিন্ন প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্টিকার লাগানো হয়েছে। যাত্রীরা যাতে অভিযোগ জানাতে না পারেন, সে জন্যই এই কায়দা।
অবশ্য অটোরিকশার গায়ে নিয়ন্ত্রণ কক্ষের নম্বর লেখা থাকলেও সেই নম্বরগুলোতে একাধিকবার ফোন করলেও অপর পাশ থেকে কোনো সাড়া মেলেনি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত থাকেন না। আর বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত দুপুরের পরে সচরাচর থাকেন না। ফলে বেলা গড়ানো মাত্র অটোরিকশার চালকেরা মিটারের হিসাব না করে ইচ্ছামাফিক ভাড়া হাঁকতে থাকেন। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে অভিযোগ জানানো গেলে ও সে অনুযায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভাড়ানৈরাজ্য কমবে বলে যাত্রীরা মনে করেন।
গতকাল বেলা তিনটার দিকে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের সামনে সাতটি অটোরিকশা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। দেখা গেল, এর মধ্যে চারটির গায়েই নেই নিয়ন্ত্রণ কক্ষের নম্বর। নানা কায়দায় তুলে ফেলা হয়েছে নম্বরগুলো। চালকেরা দাবি করলেন, কীভাবে নম্বর মুছে গেছে, তা তাঁরা জানেন না।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেউ যদি নম্বরগুলো মুছে থাকে, তার মানে সে যাত্রীদের সেবা দিতে সমস্যা করছে। এমন প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আর নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলোতে একই সময়ে একাধিক ব্যক্তি ফোন দেওয়ায় সাড়া পেতে দেরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
পছন্দের গন্তব্য ছাড়া যাচ্ছেন না: অটোরিকশার চালকেরা তাঁদের পছন্দের গন্তব্য ছাড়া যেতে চান না বলে যাত্রীদের অভিযোগ। আর স্বল্প দূরত্বের ক্ষেত্রে মিটারে না গিয়ে অনেক চালক ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন। গতকাল বেলা সাড়ে তিনটায় বাংলামোটর থেকে রামপুরা যাওয়ার জন্য অটোরিকশা খুঁজছিলেন নাদিয়া শারমিন। মিটারে যেতে রাজি করাতে না পেরে ১২০ টাকা চুক্তিতে অটোরিকশায় চড়লেন তিনি।
অটোরিকশার চালক রহমত আলী বলেন, ‘কাছাকাছি জায়গায় মিটারে গেলে দিনের শেষে আয় কম হয়। তাই কাছের দূরত্বে চুক্তিতে গেলে একটু পোষায়।’
তবে বেশির ভাগ অটোরিকশার চালক মিটারে যাচ্ছেন। এ নিয়ে যাত্রীরাও সন্তুষ্ট। দুই বন্ধুকে নিয়ে কল্যাণপুর থেকে কারওয়ান বাজার এসেছেন ইলিয়াস আহমেদ। বললেন, ‘৮৫ টাকা ভাড়া আসছে। অন্য সময় হলে তো ১৫০ টাকার নিচে আসাই যেত না। কত দিন এমন থাকে, সেটাই দেখার বিষয়।’