অটোরিকশাচালক আর গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জুয়েল রানা (৩১) নামে এক অটোরিকশাচালক এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামীর হাতে ওই গৃহবধূ খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার লাশ দুটি উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাঙ্গাবালিয়ায় সড়কের পাশ থেকে জুয়েলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, জুয়েল গত বৃহস্পতিবার সকালে নিজের অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল বেলা ১১টার দিকে সড়কটির পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে জুয়েলের লাশ শনাক্ত করেন। তিনি শ্রীনগর উপজেলার পশ্চিম কোলাপাড়া গ্রামের আবদুর রশীদের ছেলে।
সিরাজদিখান থানার ওসি আবুল বাশার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কুসুমপুর এলাকা থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়। তবে এটি জুয়েলের অটোরিকশা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েলের ভাই সোহেল রানা থানায় মামলা করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান বলেন, গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের পাইনদি নতুন মহল্লার বসতঘর থেকে কাজল আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর স্বামী সাগর পলাতক। গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর সাগর তাঁদের দুই বছরের ছেলেকে ঘরে রেখে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির কান্না শুনে সকালে প্রতিবেশীরা গিয়ে কাজলের লাশ পড়ে থাকতে দেখেন। ওই দম্পত্তি রিজভী হাসান নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় বাড়ির মালিক মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আতাউর রহমান বলেন, শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকা থেকে গতকাল সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরনে হাফ হাতা শার্ট, চেক লুঙ্গি এবং হাতে একটি লাঠি ধরা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।