অটোরিকশাচালক খুনের তিন বছর পর গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. জুয়েল হত্যায় জড়িত অভিযোগে তিন বছর পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার ভোররাতে গোপন খবরের ভিত্তিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মো. সুমন, রিপন ও সোলায়মান হোসেন। পুলিশ বলেছে, গ্রেপ্তার তিনজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেছেন, অটোরিকশা ছিনিয়ে নিতে জুয়েলকে খুন করেছেন তাঁরা।
২০১৪ সালের ৩ অক্টোবর সিরাজদিখানের ডাকাতিপাড়ায় জুয়েলকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় করা মামলাটির তদন্ত করছে সিআইডি।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, জুয়েলকে হত্যার পর তাঁর কাছে থাকা ৩০০ টাকা ও মুঠোফোন নিয়ে নেন তাঁরা। খুনিরা মুন্সিগঞ্জে একজনের কাছে মুঠোফোনটি বিক্রি করেন। ওই মুঠোফোন উদ্ধার করা হয়। এর সূত্র ধরে খুনির অবস্থান নিশ্চিত হয় সিআইডি। গতকাল ভোররাতে সিরাজদিখানে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে তাঁর দুই বন্ধু সুমন ও সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। নিহত জুয়েলের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন যে তাঁরা কেরানীগঞ্জের চুনকুটিয়ার মোড় থেকে মুন্সিগঞ্জের ইমামগঞ্জে যাওয়ার কথা বলে ৪০০ টাকায় জুয়েলের অটোরিকশা ভাড়া করেন। সিরাজদিখানের ডাকাতিপাড়ায় নির্জন স্থানে পৌঁছানোর পর তাঁরা অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চালক জুয়েলকে হত্যা করেন।
তদন্তকারী কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে রিপন ও সোলায়মান বলেছেন, এর আগে তাঁরা মুন্সিগঞ্জে এক চালককে খুন করে একটি অটোরিকশা ছিনিয়ে নিয়েছিলেন।