অটোরিকশাচালককে চাপা দিয়ে হত্যার অভিযোগ
রাজধানীতে আবারও এক বাসচালকের বিরুদ্ধে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরার ওয়াপদা এলাকার সামনের সড়কে পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালক রাশেদ আলী (৩৫) গুরুতর আহত হন। ওই দিন রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার পরপরই অভিযুক্ত বাসচালক বেলালসহ বাসটিকে রামপুরার আবুল হোটেলের সামনে থেকে আটক করা হয়। এর আগে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন মোড়ে গত ২২ ডিসেম্বর মো. ফারুক নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তেঁতুলিয়া পরিবহনের চালক আবদুল মজিদকে।
রাশেদ আলীর বাড়ি জামালপুর সদর থানার কৈটলা গ্রামে। রামপুরার বউবাজার এলাকায় স্ত্রী নাসিমা এবং তাঁর চার বছর বয়সী এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তাঁর লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
তবে রাশেদকে বাসচাপা দেওয়ার ঘটনাটি হত্যা মামলা হিসেবে নেয়নি রামপুরা থানা। রাশেদের স্বজনেরা জানান, ঘটনাটিকে সড়ক দুর্ঘটনার মামলা হিসেবে নেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী রাশেদের ভাগনে হারুনের অভিযোগ, তাঁর মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হারুন গতকাল প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রামপুরা ওয়াপদার উল্টো দিকে একটি হোটেলের পাশে তিনি ও রাশেদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাবনা এক্সপ্রেস নামের একটি বাস সামনে থেকে তাঁদের দুজনকে ধাক্কা দেয়। বাসটি আটকিয়ে এর দরজার সামনে চালক ও তাঁর দুই সহকারীর সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাশেদকে টেনে বাসের ভেতর নিয়ে যান চালকের এক সহকারী। পরে আবার তাঁকে ধাক্কা দিয়ে বাস থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বাসটি ইচ্ছাকৃতভাবে বেঁকে রাশেদকে চাপা দিয়ে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে রাশেদ মারা যান।
হারুন জানান, রাশেদকে চাপা দেওয়ার পর বাসের পেছনের বাম্পারে তিনি উঠে পড়েন। এরপর রামপুরার আবুল হোটেলের সামনে এলে ট্রাফিক সার্জেন্টের কাছে অভিযোগ করেন তিনি। এ সময় চালক বেলালসহ বাসটি আটক করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বাস এবং এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।