অটোরিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে নিজের অটোরিকশায় করে সাভারের নয়ারহাট যাচ্ছিলেন ঢাকার ধামরাইয়ের কাঁচা রাজাপুর গ্রামের আরফান আলী। পথে পুলিশ তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে।

সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আরফান বলেন, তাঁর স্ত্রী রাফিজা আক্তার নয়ারহাট এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে তিনি শনিবার সকাল ছয়টার দিকে তাঁর সিএনজিচালিত অটোরিকশা করে নয়ারহাট যাচ্ছিলেন। পথে গ্যাস কমে যাওয়ায় ধামরাইয়ের কালামপুর থেকে মহাসড়ক হয়ে জয়পুরা এলাকার পাল সিএনজি স্টেশনের উদ্দেশে রওনা হন। সকাল সাতটার দিকে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ধামরাই থানার এসআই আবদুল জলিল তাঁকে আটক করেন। ওই কর্মকর্তাকে সমস্যার কথা খুলে বলার পরও এক কনস্টেবল তাঁকে পেটান। একপর্যায়ে জলিলও তাঁকে চড়-থাপ্পড় মারেন। তিনি অচেতন হয়ে পড়লে তাঁর স্ত্রী অন্যদের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এসআই জলিল বলেন, তাঁকে কোনো আঘাত করা হয়নি। কনস্টেবলের পেটানো সম্পর্কে এসআই বলেন, ‘আমার সামনে এমন ঘটনা ঘটেনি। তবে আমার অজান্তে হতে পারে।’