অটোরিকশাচালককে হত্যার কথা স্বীকার দুই আসামির
কিশোরগঞ্জে অটোরিকশাচালক শামীম মিয়া পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ বলছে, মাদক সেবন নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। তবে পরিবার এ বক্তব্য অস্বীকার করেছে।
এদিকে গত শুক্রবার রাতে ঘটনাস্থলের পাশ থেকে পুলিশ একটি পাইপগান, একটি কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করেছে।
১০ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় হাত-পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে অটোরিকশাচালক শামীমকে হত্যা করে দুর্বৃত্তরা। মাদক সেবনে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে পরিবার। শামীমের চাচা মানিক মিয়া স্থানীয় আবীর হোসেন ওরফে জনি, সাজন মিয়া, আল আমিন ও সফিকুল ইসলাম নামের চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। আবীর ও সাজনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গতকাল শনিবার তাদের রিমান্ড শেষ হয়। আজ রোববার তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, দুই আসামি স্বীকার করেছে, তারা চারজন মিলে শামীমকে ধরে এনে প্রথমে কাপড় খুলে ফেলে। এরপর তারা ওই কাপড় দিয়ে তাঁর হাত-পা ও চোখ বাঁধে। পরে গায়ে পেট্রল ঢেলে শামীমকে পুড়িয়ে হত্যা করা হয়। ওসি বলেন, আসামি আবীর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। ধারণা করা হচ্ছে, উদ্ধার অস্ত্রগুলো আবীর এসব অপকর্মে ব্যবহার করত।
ঘটনার কারণ সম্পর্কে ওসি বলেন, মাদক সেবন নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে দুই আসামি পুলিশকে জানিয়েছে। তাদের এ দাবি খতিয়ে দেখা হচ্ছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে শামীমের চাচা মানিক মিয়া প্রথম আলোকে বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় শামীমকে হত্যা করা হয়েছে।