চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কর্মীরা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও চালককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা দেড়টার দিকে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন বিজয় পক্ষের পাঁচ কর্মী বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে যাওয়ার জন্য গোলচত্বরে আসেন। তাঁদের চারজন একটি অটোরিকশায় উঠে বসেন। আরেকজন বাইরে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এই ফাঁকে অটোরিকশায় আরেক শিক্ষার্থী উঠলে অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর আলম গাড়ি চালিয়ে ১ নম্বর গেটে চলে আসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিজয় পক্ষের ১০-১২ জন কর্মী বেলা পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে এসে অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমকে মারধর করতে থাকেন। তাঁকে রক্ষা করতে এলে অপর দুই চালক সিরাজ মিয়া ও মো. তোফাজ্জলকে মারধর করা হয়। একপর্যায়ে তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
বিজয় পক্ষের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে অটোরিকশার চালকেরা পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়ান অমিতকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট অবরোধ করেন। তিনি অনুরোধ করলে তাঁরা অবরোধ তুলে নেন।
ক্যাম্পাসের সিএনজি পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের বিজয় পক্ষের কর্মীরা তিন চালককে মারধর ও তিনটি গাড়ি ভাঙচুর করেন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ক্যাম্পাস পর্যন্ত দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গাড়ি চলাচল শুরু করেন চালকেরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্র ও অটোরিকশার চালকদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আপসরফার জন্য উভয় পক্ষের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।