অটোরিকশাসহ চালকের গলা কাটা লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর ব্যাটারিচালিত অটোরিকশাসহ চালকের গলা কাটা লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে সদর থানার পুলিশ। অটোরিকশাচালকের নাম আবদুর রাজ্জাক (৩৫)। তিনি শেরপুর জেলা শহরের দমদমা কালীগঞ্জ এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আটটার দিকে দমদমা কালীগঞ্জ এলাকার বাসিন্দা মিল্টন ও সাগর রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গতকাল সকালে সদর থানায় জানানো হলে পুলিশ তাঁর সন্ধানে নেমে পড়ে। পুলিশ এলাকাবাসীর সহায়তায় রাজ্জাকের ব্যবহৃত জামাকাপড়সহ অটোরিকশাটি দমদমা কালীগঞ্জ পৌর গোরস্থান এলাকা থেকে উদ্ধার করে। এ সময় এলাকাবাসী শেরপুর-শ্রীবরদী সড়কের কালীগঞ্জ অংশে রক্তের দাগ দেখতে পান। পরে রক্তের দাগ অনুসরণ করে মোবারকপুর এলাকার মোহাম্মদ আলীর ইটের ভাটায় গিয়ে সকাল ১০টার দিকে ইট দিয়ে ঢাকা অবস্থায় রাজ্জাকের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলে সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শেরপুর সদর থানার এসআই আনসার আলী বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে চালক রাজ্জাককে গলা কেটে হত্যা করেছে। তবে কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত ও এর সঙ্গে জড়িত লোকদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারীর লাশ উদ্ধার: সুনামগঞ্জ অফিস জানায়, শাল্লা উপজেলায় এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বাড়ির উঠানের এক পাশে স্মৃতি রানী বৈষ্ণবের (১৮) লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শাল্লা উপজেলার ভেরাডহর গ্রামের অনিল চন্দ্র বৈষ্ণবের মেয়ে স্মৃতি রানী। সোমবার রাতে একটি কক্ষে ঘুমিয়েছিলেন তিনি। সকালে ঘপরিবারের লোকজন ওই কক্ষে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ির উঠানের এক পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।