অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকাল থেকে তাঁরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
কয়েকজন যাত্রী জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে দেশের বিভিন্ন স্থান থেকে শুক্রবার সকাল থেকে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। যানবাহনের সংখ্যা কম। এ সুযোগ কাজে লাগাচ্ছেন অটোরিকশাচালকেরা। জেলার সব অভ্যন্তরীণ সড়কে ভাড়া ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছেন চালকেরা। এতে ঘরমুখী যাত্রীরা বিপাকে পড়েছেন।
সরেজমিনে জানা যায়, জেলার অভ্যন্তরীণ জামালপুর-ইসলামপুর সড়কপথে ভাড়া ৫০ টাকার স্থলে ১০০ টাকা, জামালপুর-দেওয়ানগঞ্জে ৮০ টাকার স্থলে ১৫০-২০০ টাকা, জামালপুর-মাদারগঞ্জে ৮০ টাকার স্থলে ১৫০-২০০ টাকা, জামালপুর-মেলান্দহে ৩০ টাকার স্থলে ৬০-৭০ টাকা ও জামালপুর-বকশীগঞ্জে ৮০ টাকার স্থলে ১৫০-২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
বকশীগঞ্জ পৌর শহরের মহাজন মাস্তুল হাসান প্রথম আলোকে বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ঈদ উদ্যাপন করতে যাচ্ছি। আন্তনগর তিস্তা ট্রেন থেকে নেমে অটোরিকশার স্টেশনে গেলে প্রত্যেক চালক ৮০ টাকা ভাড়ার স্থলে ২০০ টাকা করে চাচ্ছেন।’
জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের অটোরিকশারচালক হাবিবুর রহমান বলেন, ‘গাড়িতে গ্যাস নিতে সাত-আট ঘণ্টা সময় লাগে। এখন একটি ট্রিপ নিয়ে গেলে সারা দিনের কাম শেষ। তাই ভাড়া একটু বেশিই নিতে হচ্ছে। এ ছাড়া যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে।’
জামালপুর জেলা সিএনজি অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, একটি গাড়ি একবার আপ-ডাউনের বেশি ভাড়া মারতে পারে না। তাই ভাড়া একটু বেশি নিতে পারে। তবে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’