অটোচালক ও গৃহবধূকে হত্যা
ঢাকার নবাবগঞ্জে সবুজ মণ্ডল নামের অটোরিকশার এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চক যন্ত্রাইল এলাকার একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূ খুন হয়েছেন।
সবুজ মণ্ডল (২৬) নবাবগঞ্জের কাশিমপুর গ্রামের অজিত মণ্ডলের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল আটটায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। সন্ধ্যার পরও তিনি বাড়িতে ফেরেননি। গতকাল সকালে চক যন্ত্রাইল এলাকার একটি পাটখেতে লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। তবে সবুজের অটোরিকশাটি পাওয়া যায়নি।
সবুজের মা দুর্গা মণ্ডল বলেন, ‘যারা আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁয়ে নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (২৬)। তিনি উপজেলার জামদানিপল্লিতে কাজ করতেন। সোমবার রাতে উপজেলার ভারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সকালে গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ভারগাঁও এলাকার ফজলুল হকের মেয়ে রুমার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার সিরাজুল ইসলামের ছেলে হানিফ মিয়ার ১০ বছর আগে বিয়ে হয়। তাঁদের সাত ও চার বছরের দুটি ছেলে আছে। বিয়ের পর থেকে হানিফ মিয়া যৌতুকের জন্য রুমাকে প্রায়ই নির্যাতন করতেন। সোমবার রাতে রুমার সঙ্গে হানিফ মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রুমাকে শারীরিক নির্যাতন করেন হানিফ। খবর পেয়ে রুমার পরিবারের লোকজন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে রুমার মৃত্যু হয়। ওসি মঞ্জুর কাদের বলেন, লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন আছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী হানিফ মিয়া ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
রুমার বাবা ফজলুল হক অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তাঁর মেয়েকে স্বামী মারধর করতেন। যৌতুকের টাকার জন্য তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।