অটোচালককে অপহরণের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অটোরিকশাচালক ইলিয়াছ আলীকে (৩০) অপহরণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইলিয়াছের ভগ্নিপতি মোসফিকুর রহমান ১০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে গতকাল একটি অপহরণ মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরের লক্ষ্মণপুর চৌধুরীপাড়া গ্রামের মনোয়ারুল ইসলামসহ দুই ব্যক্তি গত বুধবার দুপুরে চার বোতল বিদেশি মদ ও এক বোতল ফেনসিডিল নিয়ে বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বখসীগঞ্জের অবসর নামক এলাকায় আসেন। সেখানে তাঁদের ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন তাঁদের আটকের চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে ওই দুই ব্যক্তি মাদকদ্রব্য ও মোটরসাইকেল রেখে পালিয়ে যান। এ পরিস্থিতির জন্য বিষ্ণুপুরের ডিগোরটারী গ্রামের মোসফিকুরকে দায়ী করেন মনোয়ারুল। পরে রাত আটটার দিকে মনোয়ারুল দলবল নিয়ে মোসফিকুরের বাড়িতে হানা দেন। কিন্তু তাঁরা মোসফিকুরকে বাড়িতে না পেয়ে তাঁর শ্যালক ইলিয়াছকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। ঘটনাটি স্থানীয়রা বদরগঞ্জ পুলিশকে জানালে থানার এসআই তৈয়ব আলী ও দিনাজপুরের পার্বতীপুর থানার এসআই আবদুল হাকিমের নেতৃত্বে একদল পুলিশ ইলিয়াছকে উদ্ধারে পার্বতীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গতকাল ভোররাতে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ইলিয়াছকে উদ্ধার করে পুলিশ। এ সময় মনোয়ারুল ও আবদুল মমিনকে গ্রেপ্তার করা হয়।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ওই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মাদকদ্রব্য আইনে করা মামলায় বাদী হয়েছেন ওই এলাকার গ্রাম পুলিশ আমিনুল ইসলাম। আর অপহরণের অভিযোগের মামলায় বাদী হয়েছেন মোসফিকুর। ওই দুই মামলায় মনোয়ারুল ইসলামসহ ১৬-১৭ জনকে আসামি করা হয়েছে।