অটোচালককে ছাত্রলীগ নেতার মারধর
৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে দলীয় কর্মীদের নিয়ে বের হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ওরফে কৌশিক। পথে অটোরিকশার চালককে মারধর ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে তিনি আটক হন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। কাউসারের সঙ্গে থাকা ছাত্রলীগের আরেক কর্মী তরিকুল ইসলামকেও আটক করে পুলিশ। দুর্ঘটনায় আহত ছাত্রলীগের কর্মী রানা হামিদকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছাত্রলীগের নেতা কাউসার আহমেদ এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী। তিনিসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে এলে ধাক্কা লেগে রানা হামিদ নামের ছাত্রলীগের এক কর্মী অটোরিকশা থেকে পড়ে যান। তিনি হাতে ও কপালে আঘাত পান। এ ঘটনায় অটোরিকশার চালকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় ছাত্রলীগের নেতাদের। একপর্যায়ে চালককে পিটুনি দেন ছাত্রলীগের কর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে দায়িত্বরত পুলিশের সদস্যরা এগিয়ে এসে ঘটনা জানতে চান। ছাত্রলীগের নেতা–কর্মীরা পুলিশের সদস্যদের ওপর রেগে যান। তাঁরা পুলিশের সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন। কাউসার ও তরিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘ওই দুইজন অটোরিকশার এক চালককে মারধর করলে সেখানে পুলিশের সদস্যরা এগিয়ে যান। পুলিশের সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করায় তাঁদের আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ ওসি বলেন, ‘অটোচালক কিংবা অন্য কেউ কোনো অভিযোগ না করায় তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের ভাষ্য, অটোরিকশার চালকের সঙ্গে স্থানীয় লোকজনের বাগবিতণ্ডা হয়। ছাত্রলীগের নেতাদের সঙ্গে পুলিশের ভুল–বোঝাবুঝি হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।