অটোচালককে পায়ের রগ কেটে নর্দমায় নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশা চালক বাপ্পি সুমন। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশা চালক বাপ্পি সুমন। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীতে অটোচালকের দুই পায়ের রগ কেটে নর্দমায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস মোড়ের একটি নর্দমা থেকে আহত অটোচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোচালকের নাম বাপ্পি সুমন (৩২)। বাবার নাম এনামুল হক। বাপ্পি তাঁর মায়ের সঙ্গে নগরের সাধুরমোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। বাপ্পির স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তাঁরা নগরের বোসপাড়া এলাকায় থাকেন।
আজ সোমবার সকালে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বাপ্পি অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর মুখে অক্সিজেন লাগানো রয়েছে। দুই পায়ের গোড়ালির ওপরে একই জায়গায় কাটা। দুই পায়েই ব্যান্ডেজ জড়ানো। ওয়ার্ডের অন্যান্য রোগী জানান, রাত তিনটার দিকে অস্ত্রোপচার শেষে ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আসার পর থেকে তিনি আর কোনো কথা বলতে পারেননি।
হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সাইদ আহমেদ বলেন, রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। দুই পায়ের রগই কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি প্রায় অচেতন।

বাপ্পির মা শুকরিমা বেগম বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ছেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি। সকালে তাঁর ছেলে হাসপাতালে রয়েছে বলে খবর পান। হাসপাতালে গিয়ে দেখেন ছেলের দুই পা-ই কাটা। ছেলে তাঁর সঙ্গে কোনো কথা বলতে পারেনি।

মা শুকরিয়া বেগমের কান্না কেউ থামাতে পারছে না। তাঁর ভাষ্য, ছেলের সাত বছর বয়সে তাঁর বাবা মারা গেছেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছেন। মানুষের কাছে ধারকর্জ করে অটোরিকশাটি কিনে দিয়েছিলেন। তিনি বলেন, হরতালের দিনে ছেলে সকালের দিকে গাড়ি বের করে না। দেখেশুনে বেলা হলে গাড়ি চলাচল শুরু হলে গাড়ি নিয়ে বের হয়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, রাত একটার দিকে হাইওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আউয়াল খবর পেয়ে আনসার সদস্যদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁর অটোরিকশার কোনো খোঁজ পাওয়া যায়নি।

আনসার সদস্য শাহীন অটোরিকশা চালক বাপ্পি সুমনকে নিয়ে হাসপাতাল পর্যন্ত এসেছিলেন। শাহীন জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন, কেউ নেশা করে নর্দমার পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে নর্দমার পানি থেকে তুলে দেখা যায়, দুই পা কাটা। তবে কারা তাঁর দুই পা কেটেছে, তিনি কিছুই বলতে পারেনি।