অটোচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১০টি সড়কে যাত্রীদের কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। কয়েক বছর ধরে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বাঞ্ছারামপুর কার্যালয় ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার অভ্যন্তরীণ ১০টি সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে অটোরিকশার চালকেরা বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি এলাকার ফেরিঘাট থেকে শলফা ২১ কিলোমিটারের জন্য জনপ্রতি ১০০, জীবনগঞ্জ বাজার ১৯ কিলোমিটারের জন্য ১০০, হোমনা ১৪ কিলোমিটারের জন্য ৮০, সলিমগঞ্জ ১৯ কিলোমিটারের জন্য ১০০, বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে ছয়ফুল্লাকান্দি বাজারে সাড়ে ৬ কিলোমিটারের জন্য ৩০, জীবনগঞ্জ বাজারে ১৪ কিলোমিটারের জন্য ৭০, রূপসদীতে ৬ কিলোমিটারের জন্য ৩০, শলফার ১৪ কিলোমিটারের জন্য ৬০, সলিমগঞ্জে ১২ কিলোমিটারের জন্য ৬০, ভুরভুরিয়ার ১০ কিলোমিটারের জন্য ৫০, মরিচাকান্দি ৯ কিলোমিটারের জন্য ৪০ ও ফেরিঘাট পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটারের জন্য ৪০ টাকা আদায় করছেন।
উপজেলা চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া আদায় করছেন এবং চালক ও যাত্রীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে গত বছরের ২৯ মার্চ সভায় মত প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভাড়া নির্ধারণ করতে ওই দিনই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এতে অটোরিকশার মালিকদের সঙ্গে কথা বলে ভাড়া নির্ধারণ করে উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করার জন্য কমিটিকে অনুরোধ জানানো হয়। তবে ওই কমিটি ১৫ মাসেও কোনো পদক্ষেপ নেয়নি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা বলেন, ‘অটোরিকশার ভাড়া বেশি আদায় করা হচ্ছে অনেক আগে থেকেই। আহ্বায়ক কমিটির সদস্যসচিব থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদারকে তখনই বিভিন্ন সড়কের ভাড়া বিষয়ে
খোঁজ নিয়ে জানানোর কথা বলেছিলাম, কিন্তু তিনি তা দেননি।’
এ বিষয়ে মো. ফারুক মিয়া নামের এক যাত্রী বলেন, ‘বাঞ্ছারামপুর উপজেলার মতো অভ্যন্তরীণ সড়কে এত বেশি ভাড়া দেশের অন্য কোনো উপজেলাতে আছে বলে মনে হয় না।’
অটোরিকশার চালক নাছির উদ্দিন বলেন, ‘আমি ছয় বছর ধরে অটোরিকশা চালাই। বহু দূর থেকে গ্যাস নিতে অতিরিক্ত খরচ আর বিভিন্ন স্টেশনে চাঁদাবাজির কারণে ভাড়া বেশি নিতে হচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বলেন, অটোরিকশার ভাড়া নির্ধারণ করতে এক বছর আগে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা ভাড়া নির্ধারণ করে দিতে পারেনি। তবে কমিটির সুপারিশ পেলে উপযুক্ত ভাড়া নির্ধারণ করে যাত্রীদের স্বার্থ রক্ষা করা হবে।