কুমিল্লার হোমনা উপজেলার পাঁচ সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এক বছর ধরে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে জানিয়েছেন যাত্রীরা।
চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোমনা উপজেলা সদর থেকে পাঁচটি সড়কে অন্তত এক হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। ওই সব সড়কে হোমনা উপজেলা ছাড়াও পাশের বাঞ্ছারামপুর, মুরাদনগর, মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলার হাজারো যাত্রী যাতায়াত করে। চালকেরা হোমনা থেকে মেঘনা পর্যন্ত ১২ কিলোমিটারের জন্য ৫০, গৌরীপুর পর্যন্ত ১৮ কিলোমিটারের জন্য ৪৫, রামকৃষ্ণপুর পর্যন্ত আট কিলোমিটারের জন্য ৪০ টাকা, কাশিপুর পর্যন্ত আট কিলোমিটারের জন্য ৪০ ও দুলালপুর পর্যন্ত পাঁচ কিলোমিটারের জন্য ২০ টাকা ভাড়া আদায় করছেন।
সরকার সিএনজিচালিত অটোরিকশা ভাড়ার প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা এবং এর পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ১২ টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। কিন্তু হোমনার অটোরিকশার চালকেরা যাত্রীপ্রতি অতিরিক্ত ৫ থেকে ২০ টাকা ভাড়া আদায় করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। এ জন্য চালক ও যাত্রীদের মধ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। আর ভাড়া বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২৭ জুন উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হয়েছে। এতে উপজেলা পরিষদের নেতাদের সঙ্গে অটোরিকশার চালকদের নিয়ে আলোচনা করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নতুন করে ভাড়া নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘এক বছর ধরে অটোরিকশার চালকেরা ভাড়া বেশি আদায় করছে। আমরা যাত্রীরা অসহায় তাই আমাদের কথা কেউ শোনে না।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক বলেন, গ্যাস নিতে এবং এলাকার প্রতিটি স্টেশনে চাঁদা দিয়ে গাড়ি চালাতে হয়। ওই টাকা তুলতে ভাড়া একটু বেশি আদায় করতে হচ্ছে।
হোমনা উপজেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘কিছু কিছু সড়কে বহিরাগত কিছু চালক বেশি ভাড়া আদায় করছে বলে আমাদের কাছে খবর এসেছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছি।’
হোমনার ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, হোমনা উপজেলার বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোচালকেরা বেশি ভাড়া আদায় করছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হয়েছে। শিগগিরই সবার সঙ্গে আলোচনা করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও নতুন ভাড়া নির্ধারণ করা হবে।