অটোচালকের লাশ উদ্ধারের পর ১০ বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের তিন দিন পর অটোরিকশার চালক জয়নাল মিয়ার লাশ উদ্ধারের পর তাঁর স্বজনেরা প্রতিপক্ষের অন্তত ১০টি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত দুই দিনে উপজেলার শাখাইতি গ্রামে এ ঘটনা ঘটে।

 পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে জয়নাল মিয়া অটোরিকশা নিয়ে বের হন। পরে উপজেলার বিটঘর বাজার থেকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেন শাখাইতি গ্রামের কালন মিয়া (২২) ও ফায়জুল মিয়া (২৩)। এরপর অটেরিকশাসহ জয়নাল মিয়া নিখোঁজ হন। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ উপজেলার বেড়তলা এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

গত বৃহস্পতিবার বিকেলে জয়নাল মিয়ার লাশ উদ্ধারের পর সন্ধ্যায় তাঁর স্বজনেরা কালন মিয়া ও ফায়জুল মিয়ার বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়। গতকাল শুক্রবার সকালে তাঁরা আবার কালন মিয়ার বংশের আবুল কাশেম, কাশেম মিয়া, রুক্কু মিয়া ও আরব আলী এবং ফায়জুল মিয়ার বংশের ইজ্জত আলী, হাবিবুর রহমান, আজিজ মিয়া, উসমান গণি চৌধুরী ও মুক্তার হোসেনের বাড়িতে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন।

ইজ্জত আলীর ছেলে জামাল মিয়া অভিযোগ করেন, ‘আমরা ফায়জুল মিয়ার প্রতিবেশী হওয়াতে ফারুক মিয়ার লোকজন আমাদের সর্বনাশ করেছে। ফায়জুল মিয়া অপকর্ম করেছে। আমরাও তার বিচার চাই। কিন্তু এ ঘটনার দায় আমাদের কাঁধে কেন দেওয়া হবে। আমরা এখন নিজ বাড়ি যেতে পারছি না।’

 জয়নাল মিয়া হত্যার ঘটনায় তাঁর বড় ভাই ফারুক মিয়া বাদী হয়ে গতকাল বিকেলে কালন মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গত দুদিনে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ফারুক মিয়া বলেন, ‘আমি ভাইয়ের হত্যার ঘটনায় দিশেহারা হয়ে পড়েছি। গ্রামে করা ভাঙচুর লুটপাট করছে, তা জানি না। আমরা এসবের সঙ্গে জড়িত নই।’

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, জয়নাল মিয়ার লাশ উদ্ধারের খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের কিছু লোক উত্তেজিত হয়ে দু–একটি বাড়িতে হামলা চালিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।