অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৫
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনিছ (২৮), হাবিবুর রহমান (৩০), মো. রুবেল (৩৫), আবদুল লতিফ (৫০) ও মো. জাহাঙ্গীর (৩৪)। গত সোমবার রাতে নগরের সদরঘাট শুভপুর বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ কে এম আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আসামি আনিছ ও রুবেল গত ২৪ অক্টোবর যাত্রীবেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পরে নগরের অলঙ্কার মোড় এলাকায় চালককে গাড়ি থেকে নামিয়ে তাঁরা গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে চালকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা আদায় করেন আসামিরা। কিন্তু তাঁরা গাড়িটি ফেরত দেননি।
আজিজুর রহমান জানান, পরে অটোরিকশাচালক বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরের বাকলিয়ার রাহাত্তারপুল এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।