অটোরিকশা ছিনতাই চক্রের ৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ও জেলার আশপাশের এলাকা থেকে যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেন তাঁরা। কৌশলে নির্জন স্থানে নিয়ে চালককে নামিয়ে হাত-পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যান। পরে মালিককে ফোন করেন। গাড়ি ফেরত দিতে বিকাশের মাধ্যমে টাকা নেন। অনেক সময় টাকা ঠিকই নেন; কিন্তু গাড়ি ফেরত দেন না। এ ক্ষেত্রে তাঁদের লক্ষ্য নম্বরবিহীন (এএফআর লেখা) সিএনজি অটোরিকশা। যাতে ছিনতাই হলেও মালিক আইনগত কোনো পদক্ষেপ নিতে না পারেন।

আন্তজেলা গাড়ি ছিনতাই চক্রের ছয় সদস্যের কাছ থেকে এসব তথ্য পেয়েছে পুলিশ। তাঁরা হলেন- মো. সাহাবুদ্দিন (২৫), মো. মনির (৪৪), আবদুল জব্বার (৪৪), মো. শাহজাহান (৪০), মো. শামসুদ্দিন (২৫) ও মো. আজাদ (৩৬)।

ঢাকা, নোয়াখালী, বান্দরবান ও চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা পাঁচ দিন অভিযান চালিয়ে এ ছয় জনকে আটক করেছে নগরের পাঁচলাইশ থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে নম্বরবিহীন আটটি সিএনজি চালিত অটোরিকশাও উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের পাঁচলাইশ থানা-কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় তাঁদের। এ সময় শাহাবুদ্দিন জানালেন, চার মাস ধরে তিনি গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন তাঁদের ওই চক্রের সঙ্গে আরও ১৫ সদস্য রয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও বান্দরবানে এ চক্রটি গড়ে তোলা হয়েছে। নম্বরবিহীন সিএনজি অটোরিকশা ছিনতাই করে তাঁরা মালিকের কাছ থেকে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ এবং সর্বনিম্ন ৬০ হাজার টাকা নিয়ে থাকেন। ফেরত দেওয়ার সময় গাড়িটি পরিত্যক্ত জায়গায় রেখে তাঁরা মালিককে ফোনে জানিয়ে দেন।

ওসি মহিউদ্দিন আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জানুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে সাহাবুদ্দিন ও মনিরকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থেকে আবদুল জব্বার, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শাহজাহান, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শামসুদ্দিন এবং বান্দরবান থেকে মো. আজাদকে আটক করা হয়। এর মধ্যে শামসুদ্দিনের কাছ থেকে তিনটি এবং আজাদের কাছ থেকে পাঁচটি রেজিস্ট্রেশনবিহীন (এএফআর লেখা) সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে একটি মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে দেওয়ার আবেদন করার কথা।