অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার রাতে অটোরিকশা ছিনতাইকালে বাধা দেওয়ায় ছিনতাইকারীর পিটুনিতে চালক নিহত হয়েছেন। নিহত ওমর আলীর (৫০) বাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া গ্রামে।
পুলিশ, নিহত চালকের পরিবার ও এলাকাবাসী জানান, ওমর আলী সারা দিন অটোরিকশা চালিয়ে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরছিলেন। বিচুর দোকান নামক এলাকায় পৌঁছালে পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামের হাফিজুল ইসলাম (৩০) পথ আটকে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ওমর বাধা দিলে হাফিজুল তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ওমরকে চিকিৎসার জন্য প্রথমে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতেই ওমর আলীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী হাফিজুলকে খোঁজাখুঁজি শুরু করেন। নন্নী বাজার থেকে বাসে করে ঢাকায় পালানোর সময় হাফিজুলকে এলাকাবাসী পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গতকাল বুধবার ওমরের ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।