অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে খুন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ান হাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। নিহত অটোরিকশাচালকের নাম মো. আবুল বাশার (৩৫)। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নতুন চর খাগরিয়া মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত একটার দিকে চন্দনাইশের দোহাজারী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা চাগাচর-গনিপাড়া সড়কের গণিপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী চালক আবুল বাশারকে সড়কের পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শ্বাসরোধে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এরপর তাঁরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। আটকের পর দুজন পুলিশের কাছে এভাবেই ঘটনার বর্ণনা দেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ান হাট এলাকায় একটি অটোরিকশার বেপরোয়া গতি দেখে টহল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে থামানোর সংকেত দিলে অটোরিকশাটি ফেলে যাত্রী ও চালক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে দুজনকে আটক করেন। একজন পালিয়ে যান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের নয়াহাট এলাকার মো. জাকির হোসেন (২০) ও ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা দক্ষিণ আইচা গ্রামের মো. বেলাল হোসেন (২২)। দুজন অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার কথা স্বীকার করেন।
খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের পর পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জেনেছেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাজ উদ্দিন বলেন, দুই ছিনতাইকারীর দেওয়া তথ্য মতে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, আটক ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সদস্য। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।