অটোরিকশা থেকে লাফিয়ে অপহরণ থেকে রক্ষা!
বান্দরবান জেলা পরিষদের সদস্য কেওচিং চাকের মেয়ে উ নু প্রু চাক কক্সবাজারের রামুতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে অপহরণের হাত থেকে রক্ষা পেয়েছেন। এতে তাঁর মুখ থেঁতলে গেছে এবং শরীরের কয়েকটি স্থানে আঘাত লেগেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। উনু প্রুকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আজ শুক্রবার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ির বাসিন্দা কেওচিং চাক বলেন, তাঁর মেয়ে ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। ভর্তি পরীক্ষা শেষে খালুর সঙ্গে সে নাইক্ষ্যংছড়িতে বাড়ি ফিরছিল। রাত আটটার দিকে রামু চৌমুহনী থেকে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। উ নু প্রুকে অটোরিকশায় বসিয়ে খালু পানের দোকানে পান আনতে গেলে অপহরণের উদ্দেশ্যে চালক দ্রুত অটোরিকশা চালিয়ে যান। চৌমুহনীর উত্তরে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর মেরংলোয়া এলাকায় সড়কের গতিরোধকে অটোরিকশার গতি কমে গেলে উ নু প্রু লাফ দিয়ে নেমে পড়েন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তখন অটোরিকশার চালক পালিয়ে গেছেন। মেয়ের চিকিৎসার জন্য এখনো থানায় যেতে পারেননি জানিয়ে তিনি বলেন, শনিবার রামু থানায় মামলা করবেন।
কেওচিং চাকের স্ত্রী জানান, মেয়েটির মুখমণ্ডল থেঁতলে গেছে, হাত ও বুকেও আঘাত লেগেছে। এখনো সে কিছু খেতে পারছে না। অটোরিকশার চালক মেয়ের এসএসসি ও এইচএসসি সনদের মূল কপি, মুঠোফোন ও কিছু নগদ টাকা নিয়ে গেছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর আহমদ বলেন, ঘটনার শিকার ছাত্রীর পরিবার থেকে এখনো মামলা করা হয়নি। তবে পুলিশ বিষয়টি জানার পর অপহরণের চেষ্টাকারী অটোরিকশার চালক মোহাম্মদ মিজানকে শনাক্ত করতে পেরেছে। তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে চালক মিজান পলাতক রয়েছেন।