অটোরিকশা মালিক সমিতির সভাপতির হাতের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা যুবলীগের সদস্য ও পূর্ব বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি সংগ্রাম চন্দ্র দাসকে (৩৫) উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁর ডান হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে শহরের চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় এ হামলা হয়। ওই রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
সংগ্রাম দাস একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শহর শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি চেলোপাড়া এলাকায়। তাঁর ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার পূর্ব বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতি বগুড়া-গাবতলী-সারিয়াকান্দি, বগুড়া-সোনাতলা এবং বগুড়া-গোলাবাড়ি-চন্দনবাইশা পথে সিএনজিসহ সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে জেলা শহর থেকে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বগুড়া অচল করার ঘোষণা দিয়েছেন জেলা অটো টেম্পো, অটোরিকশা ও সিএনজি মালিক সমন্বয় কমিটির নেতারা।
পূর্ব বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতির (চন্দনবাইশা-গোলাবাড়ি রুট) সাধারণ সম্পাদক লতিফুল করিমের ভাষ্যমতে, সমিতির আওতাধীন বগুড়া-সারিয়াকান্দি ও বগুড়া-চন্দনবাইশা রুটে প্রতিদিন গড়ে তিন হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশার মালিকেরা দিনে ২০ টাকা কল্যাণ তহবিল এবং ১০ টাকা সমিতির উন্নয়ন তহবিলে জমা দেন। মালিকদের বিপদে-আপদে কল্যাণ তহবিলের অর্থ ব্যয় করা হয়। এসব অর্থ অন্য কোনো খাতে খরচের সুযোগ নেই। স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী পূর্ব বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতির কাছে চাঁদা দাবি করেন। না পেয়ে শুক্রবার রাত আটটার দিকে সমিতির সভাপতি সংগ্রাম দাসের ওপর হামলা চালিয়ে তাঁর পাঁজরে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় এবং ডান হাতের রগ কেটে দেওয়া হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সংগ্রাম দাসের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেল চারটার দিকে সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি শহর ঘুরে চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ থেকে আজ রোববার শহরের সাতমাথায় মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
বেলা দুইটার দিকে শহরের সাতমাথায় অনুষ্ঠিত বগুড়া জেলা অটো টেম্পো, অটোরিকশা ও সিএনজি মালিক সমন্বয় কমিটির জরুরি সভা হয়। এতে সংগঠনের সভাপতি আসাদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শেখ একরামুল করিম, শাহাদত হোসেন, মিঠুন ইমরান প্রমুখ বক্তব্য দেন।
শহরের মালতিনগর এলাকার মোস্তাক আহমেদ বলেন, ‘শুক্রবার গাবতলী উপজেলায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে রাস্তায় যানবাহন না পেয়ে চরম বিপাকে পড়তে হয়। অর্ধেক রাস্তা হেঁটে, অর্ধেক ভ্যানে চড়ে কোনো রকমে শহরে এসে পৌঁছেছি। ভাড়া গুনতে হয়েছে চার গুণ বেশি।’