অটোরিকশাচালক খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অটোরিকশার চালক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের ধুমপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বন্দর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রনি, সবুজ গাজী ও মো. সাদ্দাম।
১৬ জানুয়ারি ধুমপাড়া বেড়িবাঁধ এলাকায় সিএনজিচালিত এক অটোরিকশার চালককে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। তবে খুন হওয়া চালকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন আসামি ওই চালককে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁদের দলনেতা ছিলেন আরিফ নামের এক যুবক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।