অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের বিসিক শিল্পনগর এলাকায় গত বুধবার রাতে মোস্তাক মণ্ডল (৩৫) নামের এক চালককে গলা কেটে হত্যার পর তাঁর সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। তাঁর বাড়ি কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে। তিনি পরিবার নিয়ে পাবনা শহরের সাধুপাড়া মহল্লায় থাকতেন।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্র জানায়, তিনি সন্ধ্যায় যাত্রী বহনের জন্য নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয় কয়েকজন বিসিক শিল্পনগরের ১ নম্বর গেটের ক্রিসেন্ট টেক্সটাইল মিলের পরিত্যক্ত ভবনের পেছনে মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। মৃতদেহটির গলা কাটা ছিল। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ পৌরসভার রানীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রানীগ্রাম মহল্লার বাসিন্দা। বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জেলা যুবলীগের সদস্য এমদাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে রানীগ্রাম এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় গোলাম মোস্তফাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে মিছিলটি পণ্ড হয়ে যায়। এর কিছুক্ষণ পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে গোলাম মোস্তফার বাড়িতে হামলা চালিয়ে তাঁকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।