অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় মনির হোসেন (৩০) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার দিবাগত রাতে উপজেলার নীলেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এদিকে একই উপজেলার উত্তর সালনা এলাকার একটি মসজিদের বারান্দা থেকে গতকাল মঙ্গলবার সকালে এক নবজাতক এবং কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকার একটি বিল থেকে শামসুল হক (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী এলাকা থেকে পাঁচজনের একটি ছিনতাইকারী দল মনির হোসেনের অটোরিকশাটি ভাড়া নেয়। অটোরিকশাটি সদর উপজেলার নীলেরপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক মনির হোসেনের গলা কেটে তাঁকে ফেলে দিয়ে যানটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। তারা দুজনকে আটক করতে সক্ষম হয়। তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে মনিরকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাইতকুড়ি গ্রামের ফজলু মিয়ার ছেলে রুবেল মিয়া ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোপীনগড় গ্রামের শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম।
এলাকাবাসী জানান, সদর উপজেলার উত্তর সালনা এলাকার একটি মসজিদে গতকাল ভোরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যান। তখন মসজিদের ইমাম ও মুসল্লিরা মসজিদের বারান্দার এক পাশে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। একই দিন সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গোয়ালা নদীতে কাঠ ব্যবসায়ী শামসুল হকের লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। শামসুলের বাড়ি একই উপজেলার কাঁচিকাটা গ্রামে। কালিয়াকৈর থানার এসআই মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।