কক্সবাজারের রামুতে চাক সম্প্রদায়ের তরুণী অপহরণের চেষ্টায় জড়িত অটোরিকশাচালককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল শনিবার উপজেলার মেরংলোয়া এলাকা থেকে চালক মিজানুর রহমানকে আটক করা হয়। তাঁর বাড়ি রামু উপজেলার কচ্ছপিয়া গ্রামে।
পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে লোকজন মেরংলোয়া এলাকা থেকে অটোরিকশাচালক মিজানকে আটক করেন। পরে তাঁকে পিটুনি দিয়ে রামু থানায় সোপর্দ করা হয়।
রিয়াজ উল আলম বলেন, চালককে ধরতে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় রামুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে চাক তরুণী হ্লা নু প্রুকে অপহরণের চেষ্টা চালান অটোরিকশাচালক মিজান। বিপদ বুঝতে পেরে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন তিনি। রাস্তায় পড়ে যাওয়ায় তাঁর মুখ থেঁতলে যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। কক্সবাজার শহরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
তরুণীর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকপাড়ায়। তাঁর বাবা কাউচিং চাক বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক।
এদিকে অপহরণচেষ্টার ঘটনায় গতকাল শনিবার কাউচিং চাক বাদী হয়ে মিজানসহ তিনজনের বিরুদ্ধে রামু থানায় মামলা করেন।
রামু থানার পরিদর্শক (ওসি-তদন্ত) কবীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অপর দুজনকে ধরার চেষ্টা চলছে। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অপহরণের চেষ্টার কথা স্বীকার করেছেন মিজান।