অটোরিকশাচালককে পেটালেন এসআই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ওই চালকের নাম আবদুল আজিজ। তাঁকে মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আগ-তাড়াইল গ্রামে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজিজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অটোরিকশায় গ্যাস নিতে ভাটবাউর এলাকায় ‘কুইক ফিল’ নামের সিএনজি স্টেশনে যান। এ সময় সেখানে স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি ছিল। আজিজ অটোরিকশা নিয়ে স্টেশনে পৌঁছানোর পরপরই মোটরসাইকেলে করে একজন কনস্টেবলসহ এসআই শিব শংকর সেখানে উপস্থিত হন। এরপর কিছু জিজ্ঞাসা না করেই শিব শংকর লাঠি দিয়ে আজিজকে পেটাতে থাকেন। একপর্যায়ে আজিজ মাটিতে পড়ে গেলে শিব শংকর ও ওই কনস্টেবল চলে যান।

গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, আজিজ বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর বাঁ পা ও বাঁ হাতে আঘাতের চিহ্ন।

আজিজ বলেন, ‘স্টেশনে যাওয়ার পরপরই কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই এসআই লাঠি দিয়ে তাঁকে পেটাতে শুরু করেন। জানতে চাইলে ওই এসআই বলেন, “তোকে সংকেত দিলাম, থামলি না কেন?” এরপর আবার পেটাতে থাকেন। আমি এর বিচার চাই।’

এসআই শিব শংকর গতকাল বলেন, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষেধ। এ আইন লঙ্ঘন করে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করার সময় ভাটবাউর এলাকায় তাঁকে (আজিজ) অটোরিকশা থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু ওই চালক গাড়ি না থামিয়ে তাঁর পায়ের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করে দ্রুত পালিয়ে যান। এরপর মোটরসাইকেল নিয়ে তাঁকে ধাওয়া করে ওই সিএনজি স্টেশনের সামনে গিয়ে গালমন্দ করা হয়। তাঁকে পেটানো হয়নি।

তবে প্রত্যক্ষদর্শী অপর একজন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. শাজাহান বলেন, হয়তো অন্য কোনো অটোরিকশার চালককে ওই এসআই সংকেত দেওয়ার পরও থামেনি। কিন্তু কোনো কিছু জিজ্ঞেস না করেই আজিজকে লাঠি দিয়ে বেদম পেটান ওই এসআই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।