অটোরিকশাচালকের কাছে এক হাজার ইয়াবা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক হাজার ইয়াবা ও হেরোইনসহ অটোরিকশাচালক ইউনুছ আলীকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর কোমরে পলিথিনের পুঁটুলিতে মাদকগুলো লুকানো ছিল।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আক্কেলপুর পৌরশহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে ইউনুছকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নওগাঁর পত্মীতলা উপজেলার হানজাডাঙ্গী গ্রামে।
পুলিশ রাতে পৌরশহরে টহল দিচ্ছিলেন বলে জানিয়েছে থানা সূত্র। প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি অটোরিকশা এসে দাঁড়াতে দেখে পুলিশ। অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। পুলিশের সন্দেহ হলে অটোরিকশাচালকের শরীর তল্লাশি করা হয়। তাঁর কোমরে পলিথিনের পুঁটুলিতে ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমানের ভাষ্য, আমি ও এএসআই আশরাফুল ইসলাম রাতে শহরে টহল দিচ্ছিলাম। হঠাৎ করেই প্রাণিসম্পদ মোড়ে এসে একটি অটোরিকশা দাঁড়ায়। অটোরিকশাচালকের কথাবার্তায় সন্দেহ হয়। মাদকদ্রব্য উদ্ধারের পর অটোরিকশাসহ তাঁকে থানায় আনা হয়।
থানা-হাজতে থাকা অটোরিকশাচালক ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, নওগাঁ জেলা শহরের গোস্তহাটি মোড়ের শরিফুল ইসলাম তাঁকে এক হাজার ইয়াবা ও কিছু হেরোইন দিয়ে পত্মীতলা সেতু এলাকার মামুন হোসেন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে তিনি দুই হাজার টাকা পান। নওগাঁ-বদলগাছি সড়কটি রাতের বেলায় নিরাপদ নয় ভেবে তিনি আক্কেলপুর দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। প্রাণিসম্পদ কার্যালয়ে মোড়ে চা খেতে নেমে পুলিশের হাতে ধরা পড়েন।
ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। ওই মামলায় সিএনজিচালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।