অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় আটক ১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুন ধরিয়ে পালানোর সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। আজ শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি থেকে দৌলতপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সিদ্দিকুর রহমান অটোরিকশা নিয়ে উল্লাপাড়া যাচ্ছিলেন। মৌপুর এলাকা থেকে আরও দুজন যাত্রী ওঠেন অটোরিকশায়। এটি উল্লাপাড়া উপজেলার কানসোনা ঘোষপাড়া গ্রামে পৌঁছালে ওই দুই ব্যক্তি অটোরিকশা থামাতে বলেন। পরে অন্য যাত্রী ও চালককে নামিয়ে দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে অটোরিকশাটি পুড়ে যায়। পরে দুই যাত্রী পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম ইউসুফ আলী।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আটক ইউসুফ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতরা জামায়াত-শিবিরের কর্মী বলে স্বীকার করেছেন ইউসুফ। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।