অটোরিকশায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ
ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঈদের পর চার দিন পার হলেও গতকাল শুক্রবার বেশি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বাগ্বিতণ্ডা হয়েছে। সকালে উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তা এলাকায় অটোরিকশাস্ট্যান্ডে গিয়ে যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়। ধানগড়া থেকে ব্রহ্মগাছা পর্যন্ত ১৫ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ২০ টাকা। ধানগড়া-সিরাজগঞ্জ ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ধানগড়া-চান্দাইকোনা ৮ টাকার পরিবর্তে ১০ টাকা, ভুইয়াগাঁতী-নিমগাছি পর্যন্ত ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা আদায় করা হচ্ছে।
ধানগড়া চৌরাস্তায় কথা হয় যাত্রী আবু সাইদের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের তিন দিন আগে থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অথচ দেখার কেউ নেই।
অটোরিকশার চালক উপজেলার সুবর্ণগাঁতী গ্রামের মামুন হোসেন বলেন, ‘ঈদের আনন্দ বাদ দিয়ে মানুষের জন্য রাস্তায় বের হই। তাই ঈদের আগে ও পরে কয়েক দিন ভাড়া বেশি নেওয়া হয়।’