অটোরিকশার চালককে গলা কেটে হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর ভাড়ায়চালিত অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না।
আজ রোববার সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রনি মিয়া (২০)। বাড়ি পৌর শহরের বেতইর গ্রামে। বাবার নাম মাহতাব উদ্দিন।
পরিবার ও পুলিশ জানায়, তিন-চার মাস ধরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন রনি। গতকাল শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি তিনি। আজ সকাল ১০টার দিকে উত্তর মুমুরদিয়া গ্রামের একটি মৎস্য প্রজননকেন্দ্র এলাকায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
অটোরিকশাটির মালিক জামাল মিয়ার ভাষ্য, গতকাল সন্ধ্যার আগে রনির সঙ্গে তাঁর ফোনে কথা হয়। রাত আটটার পর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূইয়া বলেন, রনিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।