অটোরিকশার মালিক ও চালকদের ওপর রূপগঞ্জে হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া অটোরিকশা মালিক ও চালক সমিতির সদস্যদের ওপর হামলা হয়েছে। এ সময় ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হারভেস্ট রিচ গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকশা মালিক ও চালক সমিতির সভাপতি মোতাহার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সমিতির কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিলেন স্থানীয় কয়েকজন। গতকাল সকালে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সঙ্গে মতবিনিময় করতে সমিতির শতাধিক সদস্য রওনা হন। অর্ধশত অটোরিকশার মহড়া নিয়ে সমিতির সদস্যরা সাংসদের রূপসীর বাসভবনে যাওয়ার সময় হারভেস্ট রিচ গার্মেন্টস এলাকায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সদস্য আবদুর রহিম, আসাদ মিয়া, সুমন, জহিরুল ইসলাম, জয়নাল, শাকিল, ইব্রাহিম, হাবিবুল্লাহ ও মাসুদকে আহত করে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ২০টি অটোরিকশাও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সংগঠনের নেতা জামাল হোসেন থানায় অভিযোগ দিয়েছেন। পরে সমিতির নেতা-কর্মীরা সাংসদ গোলাম দস্তগীরের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন থানা-পুলিশকে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।’