অটোরিকশার সাইড দিতে দেরি হওয়ায় মুক্তিযোদ্ধাকে গুলি
রংপুরের তারাগঞ্জে অটোরিকশাচালক মুক্তিযোদ্ধা মনছুর আলী সাইড দিতে দেরি করায় মোটরসাইকেল আরোহী এক যুবক তাঁকে গুলি করেছেন। এতে কোনোমতে ওই মুক্তিযোদ্ধা বেঁচে যান। মোটরসাইকেল আরোহী ওই যুবক জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের এক নেতার ছেলে। গতকাল শুক্রবার বিকেলের এ ঘটনায় পথচারীরা ওই যুবককে আটক করে পুলিশে দেন।
তারাগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারাগঞ্জ উপজেলার পাটোয়ারীপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মনছুর আলী পাটোয়ারী পেশায় অটোরিকশাচালক। গতকাল বিকেলে তিনি বুড়িরহাট-তারাগঞ্জ সড়ক দিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তারাগঞ্জ ঈদ মাঠের কাছে পেছন দিক থেকে মোটরসাইকেল আরোহী যুবক মোরছালিন সাইড পেতে হর্ন দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোরছালিন সঙ্গে থাকা তাঁর বাবার বন্দুক দিয়ে অটোচালককে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মুক্তিযোদ্ধা মনছুর প্রাণে বেঁচে যান। মোরছালিন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হায়াৎ ভানুর ছেলে। তাঁর বাড়ি উপজেলা সদরে। পরে পথচারীরা মোরছালিনকে আটক করে পুলিশে দেন।
মুক্তিযোদ্ধা মনছুর আলী অভিযোগ করেন, ‘পেছন থেকে মোটরসাইকেল আরোহী সাইড চাইলেও সামনে-পেছনে যানবাহনের ভিড় থাকায় সাইড দিতে পারছিলাম না। এতে মোটরসাইকেল আরোহী যুবক ক্ষুব্ধ হয়ে আমাকে মারতে গুলি ছোড়ে। এ সময় আমি অটোরিকশার নিচে লুকিয়ে রক্ষা পাই।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন নিশ্চিত করেছেন, মনছুর আলী একজন মুক্তিযোদ্ধা।
অভিযুক্ত মোরছালিন বলেন, ‘মাথা ঠিক ছিল না, তাই ভুল করে ফেলেছি।’
থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম নুরুল ইসলাম বলেন, বন্দুকসহ ওই যুবককে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।