অটোরিকশাস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের
সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে সিএনজিচালিত একটি অটোরিকশাস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে ছাত্রলীগের সাবেক নেতার পক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দোকান কর্মচারী নিজু আহমদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
গত শুক্রবার রাতে শহরের দক্ষিণবাজারে এ ঘটনা ঘটে। নিহত নিজু পৌর এলাকার কসবা গ্রামের বাসিন্দা সুবল মিয়ার ছেলে। সে দক্ষিণবাজারে একটি মাংসের দোকানে কাজ করত। ঘটনার দিন কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে সে গুলিবিদ্ধ হয়।
সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে আবুল কালাম (৪০) ও তারেক আহমদ (২৫) গুলিবিদ্ধ হন। কালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারেককে শনিবার ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের দক্ষিণবাজারের অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে অটোরিকশাশ্রমিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনের সমর্থকদের মধ্যে রাত ১০টার দিকে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের একপর্যায়ে জামালের লোকজন এলোপাতাড়ি গুলি চালায়। এতে নিজু গুলিবিদ্ধ হয়। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়ানীবাজার অটোরিকশা শ্রমিক সংগঠনের উপদেষ্টা মানিক উদ্দিন জানান, ঘটনার সময় অটোরিকশাচালক ও শ্রমিকদের একটি সভা চলছিল। জামাল সেখানে উপস্থিত হয়ে নিজেকে স্ট্যান্ডের সভাপতি দাবি করেন। এ নিয়ে জামালের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে উপস্থিত শ্রমিকদের হাতাহাতি শুরু হয়।
যোগাযোগ করা হলে জামাল মুঠোফোনে তাঁর পক্ষের কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল না বলে দাবি করেন।
ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। নিহত কিশোর নিজুর গ্রামের লোকজনও গতকাল বিকেলে প্রতিবাদ সভা করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে শাহজাহান (২৮) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে এবং জামালকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।