অতঃপর জানা গেল তারা ইয়াবা ব্যবসায়ী
পরিবার-পরিজন নিয়ে তারা ফিরছিল বগুড়ার শেরপুরের চণ্ডীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে। স্থানীয় কেউ জানতেনই না, তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু তারা ছিল পুলিশের দীর্ঘদিনের সন্দেহের তালিকায়।
গত শুক্রবার রাত সাড়ে আটটায় তারা সেই আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। শেরপুর থানার পুলিশ ওই দিন দিবাগত রাত দেড়টায় বাড়িটি ঘেরাও করে অভিযান চালায়। বাড়ির নারী-পুরুষসহ চারজনকে আটকের পর তারা বের করে দেয় ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৩০০ ইয়াবা বড়ি।
গত শনিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করে। পরে তাদের জেলখানায় পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো কক্সবাজারের উখিয়া থানার শেখ রাহাত ওরফে দুলাল (২৮), তার স্ত্রী সুফিয়া খাতুন (২৩), মা খোদেজা বেগম (৫০) ও ফুফু শেরপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের নুরজাহান খাতুন (৪৫)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শেখ রাহাত উপজেলার চণ্ডীপুর গ্রামে আত্মীয়তার সূত্র ধরে প্রায় দুই বছর ধরে আসা-যাওয়া করে। শেরপুরের ছোনকা ও চণ্ডীপুর এলাকার স্থানীয় উঠতি যুবকদের সঙ্গে আড্ডা দিত। তাদের গোপনে ইয়াবার নেশার সঙ্গে জড়াত। একপর্যায়ে নূরজাহানের মাধ্যমে শেরপুরে গড়ে তোলে ইয়াবার ব্যবসা। স্থানীয় কিছু মাদক বিক্রেতার কাছে ইয়াবা বিক্রি করত। কক্সবাজার থেকে ইয়াবা আনতে ব্যবহার করত তার স্ত্রী ও মাকে।
গ্রেপ্তার সুফিয়া খাতুন বলে, তার স্বামী ইয়াবার নেশায় আসক্ত। নিজের নেশার পাশাপাশি এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। বাধা দিলে তাকে অনেকবার শারীরিকভাবে নির্যাতিত হতে হয়েছে। স্বামীর কথায় বাধ্য হয়ে সে ইয়াবা বড়ি নিয়ে শেরপুরে আসত।
স্থানীয় ছোনকা বাজারের ব্যবসায়ী মাসুদ বলেন, ওই তরুণকে স্থানীয় অনেকেই চিনতেন। সে এলাকার উঠতি যুবকদের ইয়াবার নেশায় আসক্ত করত, তা তাঁরা জানতেন না। শুক্রবার রাতে পুলিশ তাকেসহ চারজনকে আটকের পর তাঁরা জেনেছেন।