অতি উৎসাহী ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ। এ ঘটনার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, গোয়ালকান্দিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আলমগীর হোসেনের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমজেবির সংশ্লিষ্টতা ছিল। তিনি সংগঠনটির নেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন অভিযানে ও সভা-সমাবেশে অংশ নিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোয়ালকান্দি ইউপি নির্বাচন ৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৫ মে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে নির্বাচন কমিশন। ৩১ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য গতকাল দুপুরে আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ইনস্ট্রাক্টর তৌহিদুল ইসলামের দপ্তরে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। তাঁদের প্রটোকল দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিয়ে যান বাগমারা থানার ওসি (তদন্ত)আবুল কালাম আজাদ। এরপর অন্য নেতাদের সঙ্গে তিনিও প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এ ঘটনার ছবি তুলেছেন সাংবাদিকেরা। পরে নেতাদের সঙ্গে তিনি রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বেরিয়ে আসেন।

আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মুঠোফোনে দাবি করেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। প্রার্থীদের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করেননি; মনোনয়নপত্রে হাতও দেননি। প্রশাসনিক একজন কর্মকর্তা এটা করতে পারেন না বলে স্বীকার করেন তিনি।

তবে রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় ওসি আবুল কালাম আজাদ তাঁর কক্ষে ছিলেন। দলের নেতাদের সঙ্গে তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদুল বলেন, ‘ছবিতে আপনারা যা দেখছেন, তা-ই।’

এদিকে ওই ঘটনার পর গতকাল রাতেই আবুল কালাম আজাদকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁকে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। গতকাল রাত সাড়ে নয়টায় মুঠোফোনে তিনি বলেন, প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিলের অভিযোগে আবুল কালাম আজাদকে প্রত্যাহার করা হয়েছে।