অতি লোভে তাঁতি নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের কাছ থেকে ৮৫০ টাকা করে নেওয়া হয়েছিল। তাঁদের বলা হয়েছিল, আট বছরে পর্যায়ক্রমে তাঁদের ৬৮ হাজার টাকা করে দেওয়া হবে। এ প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তিন হাজার ৩১৯ জন নারী।
ঢাকার উত্তরার শ্যামলী বাংলা ডেভেলপমেন্ট সোসাইটি (এসবিডিএস) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নারীদের কাছ থেকে ২৮ লাখ ২১ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রাম থেকে ওই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছেন গ্রামের লোকজন। তাঁদের দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরের হেফাজতে রাখা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জের দক্ষিণ তেলিগাঁতি গ্রামের বাসিন্দা শ্যামলী বাংলার নির্বাহী পরিচালক আল মাহফুজ সিদ্দিকী (৪০), প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিচালক বগুড়ার লক্ষ্মীখোলা গ্রামের আবদুর রহিম (৩০) এবং সহকারী মার্কেটিং অফিসার কুমিল্লার নাগাশ গ্রামের শাহ আলম সরকার (৪৫)।
ক্ষতিগ্রস্ত নারীরা বলেন, শ্যামলী বাংলা মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি, বলইবুনিয়াসহ এলাকার কয়েকটি ইউনিয়নে নারী নেত্রী (সদস্য সংগ্রহকারী) তৈরি করে তাঁদের মাধ্যমে এলাকার নারীদের কাছ থেকে জনপ্রতি ৮৫০ টাকা এককালীন জমা দিয়ে সদস্যভুক্ত করে। শর্ত অনুযায়ী একজন সদস্যকে পরবর্তী আট বছরের মধ্যে কয়েক দফায় ৬৮ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথম দিকে কয়েকজন সদস্য প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পেলেও তিন-চার মাস ধরে কেউ টাকা পাননি।
খালকুলিয়া গ্রামের কল্পনা আক্তার বলেন, ‘সদস্য সংগ্রহকারী হিসেবে আমার মতো অন্তত ৭০ জন নারী নেত্রী আছেন। আমাদের প্রতি সদস্যের বিপরীতে ৫০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু ওই টাকা পাইনি।’
দৈবজ্ঞহাটি গ্রামের রঞ্জিদা বেগম বলেন, ‘আমরা আমাদের স্বামীদের না বলে হাঁস-মুরগি, ডিম বিক্রির টাকা থেকে শ্যামলী বাংলাকে টাকা দিয়েছি। আমাদের হাজার হাজার টাকার লোভ দেখানো হয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।’
এলাকাবাসীর হাতে আটক শ্যামলী বাংলার নির্বাহী পরিচালক শাহ আলম সরকার মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নির্বাহী পরিচালক আল মাহফুজ সিদ্দিকী স্থানীয়। সদস্যদের টাকা আদায় করে সব টাকা তিনি যথাযথভাবে জমা করেননি। এ কারণে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। আমি ও আবদুর রহিম ঘটনাটি তদন্ত করতে এসেছিলাম। মাহফুজ নিজের দোষ ঢাকতে বিভিন্নভাবে এলাকার মানুষকে প্ররোচিত করে এ অসন্তোষ সৃষ্টি করেছেন।’