অতিথি পাখি শিকার করে যুব-ছাত্রলীগের বনভোজন!
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অতিথি পাখি শিকার করে গত বুধবার রাতে বনভোজন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অংশ নেওয়া ছাত্রলীগের এক নেতা তাঁর ফেসবুক পাতায় খাবারের ছবিসহ স্ট্যাটাসও দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দয়ারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক আবু হানিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রশিদের উদ্যোগে দলটির নেতা-কর্মীরা বুধবার আশপাশের বিলে নানা প্রজাতির অতিথি পাখি শিকার করেন। রাতে এসব পাখির মাংস দিয়ে সোনাপুর এলাকায় খালেকুজ্জামানের দলীয় কার্যালয়ে বনভোজনের আয়োজন করা হয়। খিচুড়ি ও পাখির মাংস খেয়ে গভীর রাত পর্যন্ত তাঁরা আনন্দ-উল্লাস করেন। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ তাঁর ফেসবুক পাতায় ‘প্রতিবছরের ন্যায় এবারও পালিত হলো পাখি শিকার করে পিকনিক’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এতে খিচুড়ির সঙ্গে রান্না করা পাখির ছবিও দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার আবদুর রশিদ বলেন, পাখি কীভাবে শিকার করা হয়েছে তিনি জানেন না। তিনি শুধু খাওয়ার সময় ছিলেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেকুজ্জামান বনভোজনের কথা স্বীকার করে বলেন, ‘ছেলেরা মজা করে ফেসবুকে পাখির কথা উল্লেখ করেছে।’ ছবিতে খাবারের প্লেটে রান্না করা পাখির মাংস দেখা যাওয়ার কথা উল্লেখ করা হলে তিনি বলেন, ‘ওটা অতিথি পাখি নয়, কোয়েল পাখি।’
জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আহমেদ বলেন, বন্য প্রাণী শিকার এমনিতেই দণ্ডনীয় অপরাধ। এর ওপর বন্য প্রাণী হত্যা ও বনভোজন করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে বড় ধরনের অপরাধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে বন্য প্রাণী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।