অতিথি সেজে শিশু অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে অতিথি সেজে তৃতীয় শ্রেণির এক শিশুকে অপহরণ করা হয়েছে। উপজেলার দাঁতমারা বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অপহৃত শিশু শরিফুল ইসলাম (১১) দাঁতমারা শিশুনিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা তরিকুল ইসলাম মধ্যপ্রাচ্যপ্রবাসী। এ ব্যাপারে ভূজপুর থানায় শরিফুলের মা জাহানারা বেগম বাদী হয়ে অপহরণ মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, জাহানারা বেগমের পূর্বপরিচিত হাসিনা বেগম ও তাঁর স্বামী মো. ফরিদ গত শুক্রবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে বেড়াতে আসার কথা ছিল। স্থানীয় বাজারে পৌঁছার পর তাঁরা জাহানারাকে অনুরোধ করেন ছেলে শরিফুলকে পাঠাতে। কিন্তু শরিফুলের ফিরতে দেরি হওয়ায় ফরিদের মুঠোফোনে কল করে তা বন্ধ পান। একটি মামলার হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে হাসিনার সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়।
জাহানারা বেগম বলেন, ‘দুষ্কৃতকারীরা কৌশলে আমার ছেলেকে অপহরণ করেছে। আমি ছেলেকে সুস্থভাবে ফেরত চাই।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, অপহৃত শিশুকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে শিশুটিকে অপহরণ করা হয়েছে।