অতিথির জুস খেয়ে নিহত ১, অচেতন ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর সম্পর্কের এক আত্মীয় তাঁর দুই বন্ধুকে নিয়ে বেড়াতে এসে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়েছেন। আত্মীয়ের দেওয়া জুস খেয়ে অচেতন হয়ে পড়েন এক পরিবারের পাঁচজন। তাঁদের একজন হাসপাতালে মারা যান। গত রোববার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি বাড়ির গৃহকর্তা মো. শাহজাহান (৬০)। অচেতন হয়ে পড়া বাড়ির অন্যরা হলেন শাহজাহানের ছেলের স্ত্রী জ্যোৎস্না বেগম, নাতনি শারমিন আক্তার, নাতি মো. সোহেল ও মনির হোসেন। এঁদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জ্যোৎস্না বেগমের অবস্থা আশঙ্কাজনক।
নিহত শাহজাহানের ভাতিজা জাহিদ হোসেন বলেন, গত রোববার বিকেলে তাঁদের দূর সম্পর্কের আত্মীয় মহিন উদ্দিন দুই বন্ধুকে নিয়ে তাঁর চাচার বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে অতিথিরা পাশের বাজারে যান। সেখান থেকে জুস কিনে এনে পরিবারের সবাইকে খেতে দেন। জুস খেয়ে সবাই অচেতন হয়ে পড়েন। এই সুযোগে আত্মীয় মহিন উদ্দিন ও তাঁর সহযোগীরা ঘর থেকে টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যান।
জাহিদ হোসেন জানান, গতকাল সকালে তাঁর চাচার বাড়ির আশপাশের লোকজন এসে দেখে তাঁরা অচেতন অবস্থায় পড়ে আছেন। গুরুতর আহত অবস্থায় তাঁর চাচা শাহজাহানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান।
সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে আত্মীয় সেজে বেড়াতে গিয়ে পরিবারের সদস্যদের জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শাহজাহান নামের একজনের মৃত্যু হয়েছে, চারজন এখনো অসুস্থ রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।