অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে ৪০ দিনের এ কর্মসূচিতে মোট ৪২টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্পে মোট ২ হাজার ২২৩ জন সুবিধাভোগী ব্যক্তির কাজ করার কথা, যাঁদের এক-তৃতীয়াংশ নারী শ্রমিক। গত ১৬ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত এ কাজ চলার কথা ছিল। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবারসহ সরকারি ছুটির দিন কাজ বন্ধ থাকার নিয়ম। প্রত্যেক শ্রমিকের প্রতিদিন ২০০ টাকা করে পাওয়ার কথা।
গ্রামাঞ্চলে অতিদরিদ্র মানুষের জীবনযাপনে সহায়তা ও আপত্কালীন কর্মসংস্থানের লক্ষ্যে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
৮ ও ১১ জুন ৪২টি প্রকল্পের মধ্যে ১৮টির এলাকা ঘুরে প্রকল্পের বিবরণী সংবলিত সাইনবোর্ড চোখে পড়েনি। বেশির ভাগ প্রকল্পেই কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প কিছুসংখ্যক শ্রমিক দিয়ে নামমাত্র কাজ করা হয়েছে।
মৌরাট ইউপির জীবননালা মাদ্রাসা থেকে জুমারত আলীর বাড়ি পর্যন্ত পাকা রাস্তার দুই পাশে মাটি দিয়ে ভরাট করা প্রকল্পে ১৫ জন নারী ও ২৮ জন পুরুষ শ্রমিকের কাজ করার কথা ছিল। কিন্তু ১১ জুন কোনো শ্রমিক পাওয়া যায়নি।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, নিয়ম মেনে কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। কাজের মানও ভালো হয়েছে।
কসবামাজাইল ইউপির নাদুরিয়া উত্তরপাড়া লুৎফরের বাড়ি থেকে লোহাবাড়িয়া মসজিদ পর্যন্ত পাকা রাস্তার দুই পাশের মাটি ভরাট ও শালুয়া জলকপাটের (স্লুইসগেট) দুই পাশে মাটি দিয়ে সংস্কারের কাজে ৮৮ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়।
ওই ইউপি চেয়ারম্যান কাজী সামসুদ্দিন বলেন, ‘খরচার কিছু বিষয় তো থাকে। তাই কাজ মূলত দুই দিন কম করা হয়েছে।’
পিআইও মিজানুর রহমান পাংশা ছাড়া আরও দুই উপজেলায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি। এ ছাড়া দুই দিন পাংশায় তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।