অতিরিক্ত অর্থ আদায়, তিনটি মাদ্রাসাকে নোটিশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে তিনটি মাদ্রাসাকে গত সোমবার কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রৌমারী উপজেলার নুরপুর দারুসুন্নাহ দাখিল, বাঞ্চারচর দাখিল ও দাঁতভাঙ্গা ফুলজান বাছিরিয়া দাখিল মাদ্রাসাকে এ নোটিশ দেওয়া হয়। দাখিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অভিযোগ করেন, রৌমারী উপজেলার ১৪টি মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র দেওয়ার সময় ৩০০ টাকা করে বেশি আদায় করে। অভিভাবকেরা এ বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান।
দাঁতভাঙ্গা ফুলজান বাছিরিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া দাখিল পরীক্ষার্থী বেলাল হোসেন বলে, ফরম পূরণের সময় কেন্দ্র ফিসহ সব টাকা দেওয়া হয়েছে। তার পরও প্রবেশপত্র দেওয়ার সময় স্যাররা টাকা চান। টাকা ছাড়া কাউকে প্রবেশপত্র দেননি।
তাই বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে প্রবেশপত্র নিতে হয়েছে। অন্য দুই মাদ্রাসার শিক্ষার্থীরাও একই অভিযোগ করে।
নুরপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার রিয়াজুল ইসলাম ও বাঞ্চারচর দাখিল মাদ্রাসার সুপার শফিয়ার রহমান বলেন, মাদ্রাসাগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় কেন্দ্র খরচের জন্য কিছু টাকা বেশি আদায় করা হয়েছে। দাঁতভাঙ্গা ফুলজান বাছিরিয়া দাখিল মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম বলেন, শুধু তাঁর মাদ্রাসাতে নয়, উপজেলার সব মাদ্রাসায় ওই হারে টাকা নেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবীর জানান, প্রবেশপত্র বিতরণের সময় কোনো ক্রমেই টাকা আদায়ের নিয়ম নেই। তদন্তে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে।