অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নে পল্লী বিদ্যুতের সংযোগ দিতে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সরকার নির্ধারিত জামানতের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
পল্লী বিদ্যুতের বরগুনার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ১২১টি পরিবারকে বিদ্যুৎ-সুবিধা দেওয়ার জন্য গত নভেম্বরে রক্ষাচণ্ডী গ্রাম থেকে মনসাতলী পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হয়। এই লাইনের আওতায় ১২১টি পরিবারকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। এ জন্য সমিতির নিয়ম অনুযায়ী পরিবারগুলোকে ৫০ টাকা করে ফির বিনিময়ে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য করা হয়। পরে সরকারি নিয়ম অনুযায়ী সংযোগ দেওয়ার আগে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৬০০ টাকা জামানত নেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি এই নিয়ম লঙ্ঘন করে আমিরুল ইসলাম নামের স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক খুঁটি স্থাপন, খুঁটি আনার জন্য পরিবহন ভাড়া, মিটার ও অফিসে টাকা দেওয়ার অজুহাত দেখিয়ে দুই দফায় প্রত্যেক গ্রাহকের কাছ থেকে দুই হাজার ৯০০ টাকা আদায় করেন।
পল্লী বিদ্যুতের বরগুনা অঞ্চলের ওয়ারিং পরিদর্শক মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মিটার বাবদ কোনো টাকা নেওয়ার বিধান নেই। এ ছাড়া খুঁটি পরিবহন করবেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার। যদি কেউ এসব বলে অর্থ আদায় করে, তবে সেটা অন্যায় ও বেআইনি।
এ বিষয়ে মাদ্রাসাশিক্ষক আমিরুল বলেন, ‘বোঝেনই তো, ওপরে অনেক মহল আছে, যাদের টাকাপয়সা না দিলে কোনো কাজ হয় না।...বিষয়টি আমরা স্থানীয়ভাবে মিটিয়ে ফেলব।’
পল্লী বিদ্যুতের বরগুনা অঞ্চলের উপমহাব্যবস্থাপক সাইফুল আহমেদ বলেন, ‘আমিরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’