পাবনার চাটমোহর ডিগ্রি কলেজে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় রাবেয়া খাতুন (২০) নামে এক শিক্ষার্থীর স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের করা ওই মামলায় গতকাল রোববার রাবেয়ার স্বামী রিপন হোসেন ও রিপনের বন্ধুকে কারাগারে পাঠানো হয়েছে।
রাবেয়া বলেন, এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে মর্মে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। এতে ক্ষুব্ধ হন কলেজের অধ্যক্ষ মিজানুর। গত শনিবার তিনি পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে অধ্যক্ষ তাঁকে প্রবেশপত্র দেন না। কারণ জানতে চাইলে স্বামী রিপনকে কলেজে ডেকে আনতে বলা হয়। তিনি রিপন ও তাঁর (রিপন) বন্ধু রেজাউল করিমকে কলেজে ডাকেন। এ সময় অধ্যক্ষ তাঁদের বকাবকি করেন। একপর্যায়ে পুলিশ ডেকে দুজনকে তাদের (পুলিশ) কাছে সোপর্দ করেন অধ্যক্ষ। রাতে অধ্যক্ষ বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। গতকাল ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
রাবেয়া আরও বলেন, তিনি অধ্যক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ দেওয়ায় তাঁর স্বামী ও স্বামীর বন্ধুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ছাড়া তাঁকে পরীক্ষার প্রবেশপত্রটিও দেওয়া হচ্ছে না। এতে তিনি অসহায় বোধ করছেন। পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
কলেজের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ ডিসেম্বর কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ হয়। এ সময় কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ বাবদ ৬ হাজার ৫০০ টাকা ফি ও কোচিংয়ের জন্য আরও ৩০০ টাকা আদায় করে। পরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি জানিয়ে গত ৩১ জানুয়ারি ইউএনওর কাছে একটি অভিযোগ দেন রাবেয়া। উপজেলা প্রশাসন অভিযোগের তদন্ত করে। বিষয়টি নিয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও বিভিন্নভাবে প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হন অধ্যক্ষ।
অধ্যক্ষ মিজানুর বলেন, ‘মেয়েটি টেস্ট পরীক্ষায় ফেল করেছিল। আমরা তাকে পরীক্ষার সুযোগ দিয়েছি। এরপরও তার স্বামী ও স্বামীর বন্ধু আমাকে বিভিন্নভাবে হেয় করছেন। তাঁরা কলেজে ঢুকে গালিগালাজ ও হুমকিও দিয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন। ফেসবুকে বিভিন্ন অশালীন কথা লিখে প্রচার করছেন, যা মানহানিকর। বাধ্য হয়ে মামলাটি করেছি।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, রিপন ও রেজাউল মাঝেমধ্যেই অধ্যক্ষকে হুমকি দিতেন। তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অশালীন মন্তব্য করেছেন। অধ্যক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার দিন দুপুরে তাঁদের জিজ্ঞাবাদের জন্য আটক করেছিলাম। পরে অধ্যক্ষ দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’
ইউএনও সেহেলী লায়লা বলেন, ‘মেয়েটির অভিযোগ তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দিয়েছি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি অধ্যক্ষ প্রতিশোধপরায়ণ হন, তাহলে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।’