অতিরিক্ত আইজিপির পিএকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ বাণিজ্য এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত সহকারী (পিএ) আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।

আইয়ুব আলীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও এসেছে দুদকে। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে সরকারবিরোধীদের কাছে তথ্য পাচারের অভিযোগও দুদকে এসেছে । তবে সরকারি তথ্য পাচারের অভিযোগ দুদকের তফসিলভুক্ত না হওয়ায় দুদক শুধু আর্থিক দুর্নীতির বিষয়টি অনুসন্ধান করছে।
দুদক সূত্র জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর আইয়ুব আলীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
তাঁর বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, তিনি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন তাঁর স্থায়ী ঠিকানা। পুলিশে নিয়োগের সময় পটুয়াখালী জেলায় কোনো কোটা না থাকায় তিনি ঢাকার ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ নিয়েছেন।