জমি খারিজের নামে নেওয়া ঘুষের টাকা ফেরত পেয়েছেন এক ব্যক্তি। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নির্দেশে গত শুক্রবার রাতে উপজেলার বাবুলচারা গ্রামের স্কুলশিক্ষক রায়হান উদ্দিনকে ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ‘জনগণের দোরগোড়ায় সেবা প্রদান এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঈশ্বরদীর ভূমি ও তহশিল কার্যালয়ের ঘুষ-দুর্নীতি ও হয়রানি সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সরাসরি জানাতে অনুরোধ করেন। এ সময় ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি তাঁর আত্মীয় একই গ্রামের স্কুলশিক্ষক রায়হান জমি খারিজের জন্য পৌর তহশিল কার্যালয়ে যান। সেখানে কয়েকজন কর্মচারী তাঁর কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। নগদ ২ হাজার টাকা দেন রায়হান। ৮ হাজার টাকা জমি খারিজের পর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এতে কর্মচারীরা জমি খারিজ করে দিতে সম্মত হন। ওই সভায় শিক্ষক রায়হানও উপস্থিত ছিলেন।
অভিযোগ শোনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ ঈশ্বরদী ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজকে মঞ্চে ডেকে নিয়ে এক দিনের মধ্যে পৌর তহশিল থেকে ঘুষের ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তাঁর নির্দেশ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় পৌর তহশিলের অস্থায়ী এক কর্মচারীর মাধ্যমে রায়হানের হাতে ওই টাকা ফেরত দেওয়া হয়।
ঘুষের ওই টাকা ফেরত দেওয়ার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।