এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ফি ও কেন্দ্র ফি বাবদ মোট ১ হাজার ৮০০ টাকার জায়গায় টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ইচ্ছেমতো টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শেরপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও এ অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মির্জাপুর (টাঙ্গাইল): মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চবিদ্যালয়, রশিদ দেওহাটা উচ্চবিদ্যালয়, হাট ফতেপুর উচ্চবিদ্যালয়, মহেড়া আনন্দ উচ্চবিদ্যালয়, জামুর্কী এনএসএজি উচ্চবিদ্যালয়, বাঁশতৈল উচ্চবিদ্যালয়, ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন, ওয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন অ্যান্ড ইউনুস খান উচ্চবিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য ৪ হাজার থেকে ৬ হাজার ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।
মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম চন্দ্র সরকার, তানজিনা খান ও নিবিড় ভূঁইয়ার কাছ থেকে ৬ হাজার ৪০০ টাকা করে নেওয়া হয়েছে বলে তারা জানায়। শিক্ষার্থী ওমান খান জানায়, ফরম পূরণের জন্য তার মা ব্র্যাক থেকে ক্ষুদ্রঋণ নিয়ে ৫ হাজার ৯০০ টাকা দিয়েছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বোর্ড ফি জমার বাইরে অবশিষ্ট টাকা শিক্ষকদের সম্মানী ও পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যয় করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সখীপুর (টাঙ্গাইল): উপজেলার নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, নিয়মিত ছাত্রদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ৪ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অকৃতকার্যদের কাছ থেকে ৯ হাজার ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ এক থেকে ছয় বিষয়ে অকৃতকার্য মেয়ে শিক্ষার্থীর জন্য ১ হাজার টাকা জামানত ও ছেলে শিক্ষার্থীকে ছাত্রাবাসে থাকা বাবদ ৬ হাজার, কেন্দ্র ও বোর্ড ফি বাবদ ১ হাজার ৮০০ এবং কোচিং ক্লাসের জন্য ২ হাজার টাকা নেওয়া হচ্ছে।
প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণ ও কোচিংয়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য জামানত নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর: শেরপুর সদর উপজেলার নবীনগর আদর্শ বিদ্যাপীঠ, শেরপুর মেমোরিয়াল হাইস্কুল, গণই শহীদ মোতালেব উচ্চবিদ্যালয়, রামেরচর উচ্চবিদ্যালয়, চকশাহাব্দী মোহাম্মদ আলী উচ্চবিদ্যালয়, আফছর আলী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল, দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল, সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।
আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক রোকসানা জাহান বলেন, ফরম পূরণ ও তিন মাস কোচিংয়ের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ৮ হাজার ৫০০ টাকা নিয়েছে।
দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক শাহনাজ পারভীন বলেন, ফরম পূরণের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং তিন মাস বিশেষ কোচিং বাবদ ৬ হাজার টাকা নেওয়া হয়েছে।
আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান ও দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের চেয়ারম্যান অজিত মালাকার বলেন, শিক্ষার্থীর মান উন্নয়নে বিশেষ কোচিং ও মডেল টেস্ট বাবদ কিছু টাকা নেওয়া হচ্ছে।