গোপালগঞ্জে একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত আনতে গিয়ে ৩০ জন শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর ইউনিয়নের মেরি গোপীনাথপুর গ্রামের খন্দকার শামসুদ্দীন স্মৃতি উচ্চবিদ্যালয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচজন শিক্ষার্থী জানায়, এ বিদ্যালয়ে গত নভেম্বর মাসে এসএসসি পরীক্ষার বিভিন্ন বিভাগের ফরম পূরণে তিন থেকে চার হাজার টাকা নেওয়া হয়েছে। যদিও বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৪০০ টাকা। সম্প্রতি হাইকোর্ট ফরম পূরণের অতিরিক্ত টাকা ২০ জানুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেন। তারা প্রায় ৩০ জন শিক্ষার্থী বৃহস্পতিবার (গতকাল) বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক শামসুল হক মেল্লার কাছে গিয়ে বাড়তি টাকা ফেরত চায়। কিন্তু প্রধান শিক্ষক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দপ্তরি নাসিম মিয়াকে দিয়ে আমাদের কারও কারও ঘাড়ে ধাক্কা দিয়ে তাঁর কক্ষ থেকে বের করে দেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ঘটনার প্রতিকার চেয়ে গোপালগঞ্জ শহরে গিয়ে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামালউদ্দীনের কাছে স্মারকলিপি দেন। পরে তারা গোপালগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের ঘটনাটি জানায়।
গোপালগঞ্জ সদর উপজেলা ইউএনও মো. জামালউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি স্মারকলিপি দেখে শিক্ষার্থী ও প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
ফরম পূরণে বাড়তি টাকা নেওয়ার কথা স্বীকার করে খন্দকার শামসুদ্দীন স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক মোল্লা প্রথম আলোকে বলেন, ‘বাড়তি টাকা ব্যাংকে রাখা হয়েছে। এ টাকা আমার একার সিদ্ধান্তে উত্তোলন করা সম্ভব নয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে ২০ তারিখের আগেই বাড়তি টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।’
তবে প্রধান শিক্ষক দপ্তরি দিয়ে ছাত্রদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন।