অতিরিক্ত টোল আদায়ের কারণে ব্যবসায়ীরা আম কিনছেন না

খাগড়াছড়ি পৌরসভা, মাটিরাঙ্গা পৌরসভা, রামগড় পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদের অতিরিক্ত টোল আদায়ের কারণে ব্যবসায়ীরা আম কিনছেন না। এতে আমচাষিরা ক্ষতির শিকার হচ্ছেন।
পাহাড়ের আমের খ্যাতি সারা দেশে। বাজারে আসতেও শুরু করেছে সুস্বাদু আম্রপালিসহ নানা জাতের আম। খাগড়াছড়ির আম স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা রয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও আমচাষিরা দুর্ভোগের স্বীকার হচ্ছেন।
খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগজ্জীবন চাকমা বলেন, গত বছর আম কিনতে বাইরে থেকে যে ব্যবসায়ী এসেছেন, এবার তার অর্ধেকও এবারে আসেনি। ২০ কেজি আমে পাঁচ টাকা টোল নির্ধারণ থাকলেও রামগড় উপজেলার সোনাইপুল, মানিকছড়ির গাড়িটানা টোলকেন্দ্রে ২০ টাকা করে নেওয়া হয়। এদিকে খাগড়াছড়ি পৌরসভাও ২০ টাকা সংগ্রহ করে থাকে। টোল আদায়ের কোনো রসিদও দেওয়া হয় না। অতিরিক্ত টাকা দিতে না চাইলে আম রেখে দেওয়া কিংবা মারধরও করা হয়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরের টোলের শিডিউলও এখনো দেওয়া হয়নি।
খাগড়াছড়ি বাগান মালিক সমিতির উপদেষ্টা অনিমেষ চাকমা ও ব্যবসায়ী মো. আলমের অভিযোগ, আমের ট্রাক খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে পৌঁছাতে টোলের নামে চাঁদা আদায় করা হয় ১০ থেকে ১২ হাজার টাকা। এর মধ্যে খাগড়াছড়ি পৌরসভা ছোট ট্রাক চার-পাঁচ হাজার টাকা, বাজার ফান্ড প্রতি গাড়ি ৩০০ টাকার বদলে নেওয়া হয় দেড় হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত।
রামগড়ের সোনাইপুল ও মানিকছড়ির গাড়িটানায় পার্বত্য জেলা পরিষদের টোলে ফলের বড় গাড়ি নির্ধারিত ৫০০ টাকার স্থলে আট হাজার টাকা, ছোট ট্রাক ৪০০ টাকার স্থলে ছয় হাজার টাকা পর্যন্ত আদায় করছে বিনা রসিদে। নিয়ম অনুযায়ী ২০ কেজি বা এক ক্যারেটের ট্যাক্স মাত্র পাঁচ টাকা ধরা থাকলেও ইজারাদারেরা নিচ্ছেন ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।
রামগড়ের সোনাইপুল জেলা পরিষদের টোলকেন্দ্রের ইজারাদার গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা বলেন, ‘আমার নামে ইজারা নিলেও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের লোকজন, রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন ও ব্যবসায়ী মহিউদ্দিনের লোকজনই নিয়ন্ত্রণ করে থাকেন। আমি তাঁদের অনুরোধ করেছি জেলা পরিষদ বেঁধে দেওয়া নির্ধারিত টোল আদায় করতে।’
মানিকছড়ির গাড়িটানা টোলকেন্দ্র নিয়ন্ত্রণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন।
খাগড়াছড়ি গুইমারা আমবাগানের মালিক মো. শাহাজ উদ্দিন বলেন, খাগড়াছড়ি পৌরসভার এক কিলোমিটার বাইরে জিরো মাইল এলাকায় গিয়ে দ্বিগুণ বেশি টোল আদায় করছে। নিয়মনীতি না মেনে ইচ্ছেমতো টোল আদায় করছে। এ ক্ষেত্রে প্রশাসনও নীরব।
তবে খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম বলেন, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সিদ্ধান্তেই পৌরসভার বাইরে টোল আদায় করা হচ্ছে।
বাজার ফান্ডের প্রধান জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী বলেন, অতিরিক্ত কর আদায়ের অভিযোগের কারণে আগামী মাস থেকে ইজারাদার পরিবর্তন করে নতুন করে ইজারা দেওয়া হয়েছে। যদি নতুনদের বিরুদ্ধে ইজারাদারের অভিযোগ দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, এই ব্যাপারে কেউ যদি লিখিত অভিযোগ করে, তাহলে তিনি ব্যবস্থা নেবেন।