অতিরিক্ত পুলিশ সুপারের মারধরে কনস্টেবল আহত
গাজীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল বুধবার সন্ধ্যায় এক অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) মারধরে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এএসপিকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি বিতরণের কাজ করতেন কনস্টেবল মো. রেজওয়ান। গাজীপুর পুলিশ লাইনের (ইন সার্ভিস) ট্রেনিং সেন্টারের এএসপি মিজানুর রহমান গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে যান। এরপর তিনি সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার কার্যালয়ে গিয়ে বসেন। সেখানে তিনি কনস্টেবল রেজওয়ানকে ডেকে আনেন। পরে মিজানুরের সঙ্গে ওই কনস্টেবলের চিঠি বিলি নিয়ে কথাবার্তা হয়। একপর্যায়ে মিজানুর ক্ষিপ্ত হয়ে কনস্টেবলের পেটে কয়েকটি লাথি মারেন। এরপর তাঁকে প্রচণ্ড মারধর করেন। কনস্টেবলের চিৎকার শুনে অন্য পুলিশ সদস্যরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
জানতে চাইলে মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি সংযোগ কেটে দেন।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, আহত কনস্টেবলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁকে মারধর করায় মিজানুর রহমানকে গাজীপুর থেকে প্রত্যাহার করে পুলিশের হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।